প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম (ভিজিট : ২৬৬)

X
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় এক ভ্যানচালক ও এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে আইনুল সরকার (৫৩)। তিনি পেশায় ভ্যানচালক। অপরজন আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে রুমা খাতুন (২২)। তিনি রাঙ্গামাটির প্রাণ বঙ্গমিলার্সের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বারাইহাট এলাকা থেকে দুই নারী শ্রমিক ভ্যানে করে রাঙ্গামাটির প্রাণ কোম্পানিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ফিডবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩১-৯৩) দিনাজপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বলিহরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইনুল সরকার ও যাত্রী রুমা খাতুন নিহত হন।
এ সময় ভ্যানে থাকা অপর যাত্রী ইয়াছমিন আক্তার (৪৫) আহত হন। তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ট্রাকটি জব্দ করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।