প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম আপডেট: ২৫.০২.২০২৬ ৯:২৫ পিএম (ভিজিট : ৩৪৪)

X
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ (রিং জাল) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড় এলাকায় ছোট যমুনা নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট যমুনা নদীতে চায়না দুয়ারী জাল বসিয়ে মাছ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় জালের মালিক পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৫০ মিটার করে তিনটি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বুধবার দুপুরে উপজেলা চত্বরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হচ্ছে। বর্তমানে নদীতে পানি কম থাকায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় একদল অসাধু ব্যক্তি নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছে। এতে জলজ প্রাণী ও উপকারী জলজ কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।