প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম (ভিজিট : ১২৪)

X
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখা এবং ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ টেকেরহাট উত্তরপার গোডাউন রোড, চরপ্রসন্নদী ও মুকসুদপুর বাজার এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয় এবং সরকারি নির্ধারিত দরের সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য পরীক্ষা করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়েও কড়াকড়ি নজরদারি চালানো হয়।
অভিযান চলাকালে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে নির্ধারিত দামের বাইরে পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থেকে সরকারি নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।