দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর জুবায়ের রহমান চৌধুরী উচ্চ আদালতে বিদ্যমান মামলাজট নিরসনে বিশেষ গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে দীর্ঘদিনের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে তিনি জোর দেন এবং এ লক্ষ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও নিবিড় তদারকির ফলে ইতোমধ্যেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগে মামলা নিষ্পত্তির হারে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর বিগত দুই মাসে (৫ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত) আপিল বিভাগের ১ নম্বর কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মোট ৩৩ কর্মদিবসে ৪ হাজার ৪২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এর মধ্যে জানুয়ারি মাসে (৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত) ১৮ কর্মদিবসে ২ হাজার ২৭০টি এবং ফেব্রুয়ারি মাসে (১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত) ১৫ কর্মদিবসে ২ হাজার ১৫৯টি মামলা নিষ্পত্তি করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, প্রধান বিচারপতির এ উদ্যোগ কেবল পরিসংখ্যানগত সাফল্য নয়; বরং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর নেতৃত্বে আপিল বিভাগে যে গতিশীলতা সৃষ্টি হয়েছে, তা বিচার বিভাগের সংস্কার ও আধুনিকায়নের ধারাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি জনমনে বিচার বিভাগের কার্যকারিতা ও স্বচ্ছতা সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে বলে সংশ্লিষ্ট মহল অভিমত ব্যক্ত করেছেন।