প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম (ভিজিট : ৮৩)

X
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ যাত্রী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত ইসলাম পরিবহনের চালক কবির হোসেন।
তিনি বরগুনার জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) একটি বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল।
একই সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) আরেকটি বাস ঘটনাস্থল অতিক্রম করছিল। এ সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন এবং দুই বাসের বেশ কিছু যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার কার্যক্রম চালায়। এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপরে আটকে গিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১০-১২ জন ভর্তি হয়েছেন। একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।