প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম (ভিজিট : ৮৮)

X
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে মসজিদের টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফজল মিয়া ওই গ্রামের সুনু মিয়ার পুত্র।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কিছু পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মাশুক মিয়ার সঙ্গে ফজল মিয়ার বিরোধ চলছিল। একাধিকবার টাকা পরিশোধের জন্য তাগাদা দেওয়া হলেও তা নিষ্পত্তি না হওয়ায় শনিবার মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।