প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম (ভিজিট : ৩৭৫)

X
বরগুনার আমতলী উপজেলায় সাবেক উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানানো ও পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয়টি গত ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে উপজেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিন খানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে আওয়ামী লীগের ব্যানার টানান এবং পতাকা উত্তোলন করেন। এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ এটিকে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে দেখছেন, আবার কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিন খান বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর নির্দেশনা অনুযায়ী তারা ভাঙা, দখলকৃত বা পোড়া অবস্থায় থাকা দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তিনি দাবি করেন, এটি দলীয় অবস্থান জানান দেওয়ার অংশ।
অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।