নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। রোববার দুপুরে বিদ্যালয়ের সামনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে শতাধিক বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম দুলু, ওবায়দুর রহমান, আব্দুর রাজ্জাক, এবি মালেক এবং অভিভাবক শরিফুল ইসলাম ও এনামুল হক প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নিয়মের তোয়াক্কা না করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে প্রায় ৩০টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। লিখিত অঙ্গীকার থাকার পরও শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের প্রজ্ঞাপন উপেক্ষা করে প্রধান ফটক সংলগ্ন পূর্ব পাশে দোকানঘর নির্মাণ শুরু করা হয়।
তাদের দাবি, দোকানভাড়া ও জামানতের অর্থসহ প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর ভর্তি ও বেতনের টাকা হাতে-হাতে আদায় করে অনিয়ম করা হয়েছে। তারা দোকানঘর নির্মাণ কাজ বন্ধ এবং বিদ্যালয়ের দীর্ঘদিনের আর্থিক অনিয়মের তদন্ত দাবি করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, তার চাকরির মেয়াদ শেষ পর্যায়ে এবং আগামী ৩ তারিখে তার বিদায় অনুষ্ঠান রয়েছে। তিনি দাবি করেন, সহকারী প্রধান শিক্ষক ও কয়েকজন সরকারি শিক্ষক মিলে এ কাজ করেছেন।