মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানারুল (১৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে তাদের আটক করে এলাকাবাসী। এর পর স্থানীয়রা তাদের গণপিটুনি করেন।
পরবর্তীতে বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা একই উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পল্লীর বাসিন্দা ছিলেন।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে তাদের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।