প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ৮১)

X
বিভিন্ন প্রজাতির কাটা গাছ
নওগাঁর মান্দায় একটি সরকারি রাস্তার প্রায় ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের নিমবাড়িয়া কাচারিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি রাস্তার পাশে থাকা গাছগুলো ইউনিয়ন পরিষদের এক সদস্য লক্ষাধিক টাকার বিনিময়ে এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে ওই ব্যবসায়ী শ্রমিক দিয়ে গাছ কাটা শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি রাস্তার গাছ এভাবে বিক্রি ও কাটার কোনো বৈধ অনুমতি নেই। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেএম মাসুদ রানা, অফিসার ইনচার্জ (ওসি), মান্দা থানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।