প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৫২ এএম আপডেট: ০৭.০৩.২০২৬ ১১:২৬ এএম (ভিজিট : ১৮৪)

X
বাংলাদেশের সর্বাধিক পাঠকপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনে গত ২৪ জানুয়ারী, ২০২৬ তারিখে অত্যন্ত গুরুত্বের সাথে "বোয়ালিয়া বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে" এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়,তারই প্রেক্ষিতে মুকসুদপুর উপজেলা প্রশাসন জনদুর্ভোগের কথা মাথায় রেখে বোয়ালিয়া বাজার সড়ক সংস্কার কাজ শুরু ইতিমধ্যেই শুরু করেছে।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন দীর্ঘদিনের বেহাল সড়কটি অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি সামনে আসার পর দ্রুত পদক্ষেপ নিয়ে সড়ক মেরামতের কাজ শুরু করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সড়কটির বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছিল। অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছিল এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করে রাস্তার গর্ত ভরাট এবং চলাচল উপযোগী করতে কাজ চলছে।
বোয়ালিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াত কমে গিয়েছিল। তবে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন দ্রুতই বাজারে স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।
এলাকাবাসীও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন পর হলেও সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় তাদের দুর্ভোগ অনেকটাই কমবে।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত কাজ শেষ হলে বোয়ালিয়া বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কে আবারও নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হবে।