প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম (ভিজিট : ৬৮)

X
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে যদি আক্রমণ আসা বন্ধ হয়, তাহলে ইরানও সেখানে হামলা বন্ধ করবে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে কখনো মাথা নত করবে না ইরানের জনগণ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
আজ শনিবার (৭ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।
বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘গত কয়েক দিনে যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা করেছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।
কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই। ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানে হামলা বন্ধ হয়, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানের জনগণ কখনো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না। একইসঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে কখনো আপস করবে না ইরান।
পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা চায় ইরানের জনগণ আত্মসমর্পণ করুক; কিন্তু তা কখনো ঘটবে না, বরং এই আকাঙ্ক্ষা নিয়ে শত্রুরা কবরে যাবে।’