প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:২৬ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ১২:২৮ পিএম (ভিজিট : ৭০)

X
আমিনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক।
রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
নির্বাচনে আমিনুল হক জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। মো. আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পান, আর আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট। নির্বাচনে হেরেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন আমিনুল হক।
এর আগে ১৫-এর বেশি প্রার্থী নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখিত বেঞ্চ অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি দেখেন এবং সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি পরিচালনা করেন।