প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ৭৮)

X
ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পরপরই পবিত্র মাহে রমজান পাওয়াটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। তাই ইসলামপুরবাসীর সঙ্গে মিলিত হয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামপুরের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ব্রিগেডিয়ার মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।