প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:১৫ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৫:২০ পিএম (ভিজিট : ৯৯)

X
মুকসুদপুরে ফিলিং স্টেশন পরিদর্শন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।
মুকসুদপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পক্ষ থেকে তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলমান এই কার্যক্রমের অংশ হিসেবে আজও উপজেলার একাধিক ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজার নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ায় প্রশাসন তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৯ মার্চ) মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে তেলের মজুদ, বিক্রয় কার্যক্রম এবং সরবরাহ পরিস্থিতি যাচাই-বাছাই করেন।
পরিদর্শনের সময় ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জ্বালানি তেলের বর্তমান মজুদ ও সরবরাহ সংক্রান্ত তথ্য নেওয়া হয়। এ সময় তারা জানান, বর্তমানে পেট্রোল, অকটেন ও ডিজেল সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নিয়মিত সরবরাহও অব্যাহত আছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের পরিদর্শনে কোথাও জ্বালানি তেলের সংকট বা সরবরাহে কোনো ঘাটতি পরিলক্ষিত হয়নি। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে ফিলিং স্টেশন থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, জ্বালানি তেল নিয়ে যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে তেল পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রয়োজনে ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিতভাবে এমন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।