প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম (ভিজিট : ৬৫)

X
মহাসড়ক অবরোধ
বেতন ও ঈদ বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় সকাল ১০টা ৩৫ মিনিট থেকে প্রায় ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার শতশত যাত্রীরা।
শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন সাধারণত মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেয়া হয়নি। এছাড়া অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস ইতিমধ্যেই দেয়া হলেও তাদের বোনাস দেয়া হয়নি।
শ্রমিকরা আরো জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন তারা।
ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।
এ বিষয়ে রাসেল এপারেলস লিমিটেড কারখানার এইচআর ম্যানেজার (কমপ্লায়েন্স) মো: এনামুল হক জানান, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই– এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং পূর্বের ন্যায় ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেয়া হবে। তবে মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন দেয়ার বিষয়ে কোন তথ্য জানাননি তিনি।
ময়মনসিংহ শিল্পপুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো. ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকরা কিছু দাবিদাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলে তারা অবরোধ তুলে নেন।