
বাঁশখালীতে কৃষকদলের ইফতার মাহফিলে বক্তব্যে রাখছেন মাস্টার লোকমান আহমদ
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালী উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার জলদিস্থ গ্রীন চিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ।
এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাঈল ও সদস্য সচিব ফজল কাদেরের যৌথ সঞ্চালনায়, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, শিলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুস, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম জেলা এ্যাবের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ জুলকারনাইন শাওন প্রমুখ।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার লোকমান আহমদ বলেন, 'বিএনপি এদেশের কৃষকদের দল। দেশের ৯০% কৃষক বিএনপিকে ভালোবাসেন। বিএনপি যখনই ক্ষমতায় আসেন তখনই সর্বপ্রথম কৃষকদের উন্নয়নে কাজ করেন। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার ঋণ মাফ করে দিয়েছেন। বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার।'
তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, এতে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। নির্বাচনে প্রার্থীর চেহারা নয়, দলের মার্কা দেখে ভোট দিতে হবে। আগামীর যে কোন নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে জান-প্রাণ দলের জন্য কাজ করতে হবে। এ সময় পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।