প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম (ভিজিট : ১৪৭)

X
অপহরণ চক্রের তিন সদস্য
রাউজানের উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকা থেকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে নেয়া এক শিশুকে পুলিশ অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
নাবিলা আক্তার(৩) নামের এই শিশুটি অপহরণ করা হয়েছিল গত সোমবার (৯ মার্চ) বিকেলে। রাউজান থানা পুলিশ নাবিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে রাতে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামে।
পুলিশ দল চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি তিন অপহরণকারীকে গ্রেফতার করে। স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায় বিকালে শিশু নাবিলা রাস্তায় এসে খেলছিল।
এসময় সেখানে নাবিলার পরিবারের সাথে আত্মীয়তার সূত্রে পরিচিত এক ব্যক্তি নাবিলাকে কাছে ডেকে নিয়ে একটি সিএনজি টেক্সিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী তার পরিবারের কাছে নাবিলাকে ফেরত দেয়ার স্বর্থে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনার পর শিশুটির বাবার বিষয়টি জানিয়ে রাউজান থানায় অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে সোমবার দিবাগত রাত দেড়টায় বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার কওে। পাশাপাশি অপহরণকারী চক্রের তিন সদস্য মোঃ রুবেল ওরফে বেচন (৪৫), মোঃ জাহেদ (২৬) ও মুনসুর আলম (৩২) কে গ্রেফতার করে।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নাবিলার বাবা মোঃ আজাদ বাদী হয়ে এই ঘটনায় রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। এই মামলায় পুলিশ অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহরণে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।