প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:০৬ পিএম (ভিজিট : ১৭৭)

X
প্রস্তুতি সভা
পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রধান ঈদগাহসহ উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি গ্রহণ, মুসল্লিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপত্তা জোরদার, অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রস্তুত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ঈদকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি, মাইকিং ও প্রচারের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা এবং সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদার করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, উপজেলার প্রধান ঈদজামাত মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পাশাপাশি উপজেলার অন্যান্য ঈদগাহগুলোতেও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং সকলের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।