প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ৬)

X
ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হানুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা কেনার অভিযোগে সুবল চন্দ্র (৩০) নামে এক মাদকসেবীকেও হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হানুল ইসলাম ওই গ্রামের মৃত শমসের আলীর ছেলে এবং সুবল চন্দ্র পার্বতীপুর কৈপাড়া গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামে রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির বারান্দায় থাকা একটি কালো রঙের সাইড ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।
পুলিশের দাবি, অভিযানকালে রায়হানুল ইসলাম আশপাশের মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় ইয়াবা কেনার সময় সুবল চন্দ্রকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।