প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম (ভিজিট : ৩৮৩)

X
ভিজিএফ চাল বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুরে মনসুরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, সহকারী পরিচালক (কাবিখা-৩) মো. শামছুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্যান্য সদস্যরা।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে এলাকার অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ ভিজিএফ সহায়তা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো ঈদ উদযাপনে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।