প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম (ভিজিট : ৫৮)

X
প্রতীকী ছবি
রংপুরের তারাগঞ্জে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা তারাগঞ্জ হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের এক সহকারী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাজীপুর খারুভাজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলে পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) নিহত হন। গুরুতর আহত হন তার হেলপার আরিফুল (৩২) । অন্যদিকে, বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলে নিহত হলেও তার পরিচয় পাওয়া যায়নি। পাথরবোঝাই ট্রাকের চালক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে।
পাথরবোঝাই ট্রাক চালকের হেলপারকে রক্তাক্ত অবস্থায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের পশ্চিম পাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত এবং একজন হেলপার গুরুতর আহত হয়েছেন। পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।