আর এই কর্মসূচি বিশেষত্ব হলো এই যে, এই কর্মসূচিতে কোনো পরিবারকে বাদ দেওয়া হবে না। অর্থাৎ একটি ওয়ার্ডের, একটি ইউনিয়নের, একটি উপজেলার সকল পরিবার ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন।
যে পরিবারে মা সদস্য আছেন অর্থাৎ যে মা ওই পরিবারের প্রধান, তার নামে কার্ডটা দেওয়া হবে। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এই তিন শ্রেণীর মানুষ সর্বপ্রথম এই সুবিধা ভোগ করবেন। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা তারা কার্ড পাবেন কিন্তু তারা সুবিধা ভোগ করবেন না। তাদের এই সুবিধাটি হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের জন্য তারা দান করবেন। কিন্তু কার্ড সবাই পাবে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ সিংড়া ইউনিয়ন পরিষদে সরকারের ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় ২০ জন ভিক্ষুকের মাঝে গবাদি পশু( ছাগল) বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন সরকারের মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় মানুষের পাশে থাকাসহ যে কথা বলে তার কাজ বাস্তবায়ন করার জন্য কাজ করছে। আমাদের সরকারের বয়স আজকে মাত্র ২৪ দিন। এই ২৪ দিন বয়সের মধ্যেই আমরা কিন্তু আমাদের ওয়াদা জনগণের সামনে আমাদের নেতা যা বলেছিল তা বাস্তবায়ন করার জন্য সকল সরকারি কর্মকর্তা সহ সবার সহযোগিতায় আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
কাজেই আজকেও আপনি দেখেন আমরা চাই না কেউ ভিক্ষা বৃত্তি করুক। আমরা চাই না এই ঘোড়াঘাটে কোন ভিক্ষুক থাকুক। কাজেই আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে এই যে ছাগল অর্থাৎ এটাকে গবাদি পশু বলেন আর যেভাবেই নেন বিতরণ করে তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করা। যারা ছাগল পেয়েছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে বিক্রিও করবেন না।
দেখবেন ছাগলগুলো যাতে লালন পালন করলে কয়েক মাস পর বাচ্চা হবে এবং বাচ্চা হলে সেই বাচ্চা বড় হলে আপনি বিক্রি করে সে অর্থ দিয়ে চলতে পারবেন। তাহলে দেখবেন মানুষের কাছে হাত পাততে হবে না। দয়া করে হাত পাতার অভ্যাস আমাদের বন্ধ করতে হবে। আমরা হয়তো সকল ভিক্ষুক যারা ভিক্ষা বৃত্তি সাথে সম্পৃক্ত তাদের সবাইকে আমরা দিতে পারি নাই। তবে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমরা অবশ্যই যাদেরকে আজকে দিতে পারি নাই, আগামীতে তাদের দিতে পারব।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্, ঘোড়াঘাট থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো.মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমূখ।
এর আগে জাহিদ হোসেন রানীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদেন।
এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি তার অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।