
বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহার ও সীমা ঘর উৎসর্গ এবং জাদি (প্যাগোডা) অভিষেক উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান
বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহার ও সীমা ঘর উৎসর্গ এবং জাদি (প্যাগোডা) অভিষেক উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্র ও শনিবার(১৩ ও ১৪ মার্চ) উপজেলার সওদাগর পাড়া বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় মর্যাদায় দানোৎসবসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়। এই দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে প্রায় চার শতাধিক নারী-পুরুষ দায়ক-দায়িকার উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ত্রিশরণ গ্রহণ, পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ পূজা, পুষ্প পূজা, প্রদীপ পূজা, অষ্টউপকরণ প্রদানসহ সংঘদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিপুল উপস্থিতিতে ধর্মীয় পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ দানোৎসবে ধর্মদেশনা প্রদান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুত্রানন্দা মহাথের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মি. মংথিন জো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চান্দিমা ভিক্ষু, বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের, কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উচোমানন্দা মহাথের, উ পান্ড্যাংচা ভিক্ষু, উ নান্দা ভিক্ষু ও উ চুরিয়া ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার মি. খেনথয়শে, ডা. মি. তেনমং, অতিরিক্ত সচিব মিসেস খেন চান, মিসেস এয়েনচিং, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মি. মংমংছান, সমাজসেবক মি. উচোওয়েন, সমাজসেবক মি. নোচাউ মাস্টার, সমাজসেবক মি. তেমং নানট, সমাজসেবক মি. বালেন সে সহ স্থানীয় দায়ক-দায়িকাগণ।