প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ৯৯)

X
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সেলিমুজ্জামান মোল্লা
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
শনিবার (১৪ মার্চ) বিকালে তিনি হাসপাতালটি পরিদর্শনে এসে চিকিৎসা সেবা, অবকাঠামোগত অবস্থা এবং রোগীদের জন্য প্রদত্ত বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের প্রতিটি তলা ঘুরে দেখেন এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে অবগত হন। সংশ্লিষ্টদের কাছ থেকে সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার পর তিনি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
হাসপাতাল পরিদর্শনের শুরুতে কর্তৃপক্ষের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা মুকসুদপুর সদর বাজারের পূজা মণ্ডপও পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয়রা এ সময় সংসদ সদস্যের সফরকে স্বাগত জানান এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে তার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।