প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম (ভিজিট : ৫৭)

X
সরকারি নির্দেশনা মানছেনা কর্মকর্তা-কর্মচারী
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সরকারি দপ্তর গুলোতে সরকার নির্দেশিত সময় সূচি না মেনে সঠিক সময়ে অফিসে আসছে না অধিকাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী।
সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা মানছেন না ভূঞাপুর উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী। ঝাড়ুদার ও অফিস সহকারীরা সকালে অফিস খুললেও কর্মকর্তারা আসছেন নিজেদের খেয়ালখুশি মতো সময়ে।
রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা যায়।
গত ২ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, শুধুমাত্র ভিভিআইপি ও ভিআইপিদের প্রটোকল, বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ সভায় যোগদান এবং অনুমোদিত ভ্রমণসূচিতে সফরে যাওয়ার ক্ষেত্র ছাড়া এই নির্দেশনা পালন বাধ্যতামূলক।
এর আগে ২০১৯, ২০২১ এবং সর্বশেষ ২০২৩ সালেও এ নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়। তবে ভূঞাপুরে নজরদারি ও জবাবদিহিতার অভাবে সেই নিয়মে ভাটা পড়েছে। ফলে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে সরকারি বিভিন্ন সেবা নিতে আসা মানুষদের। ফলে ধীরগতি দেখা দিচ্ছে সরকারি কাজেও।
রবিবার (১৫ মার্চ) সকালে সরেজমিনে উপজেলায় অবস্থান করে দেখা যায়, অফিস কক্ষ খোলা থাকলেও সকাল ৯ টা ৪০ পর্যন্ত অফিসে আসেননি অধিকাংশ কর্মকর্তা। সকাল ১০ টা পর্যন্ত উপজেলার অধিকাংশ দপ্তরেই দেখা গেছে একই চিত্র। রুম খোলা রেখে প্রতিটি কক্ষেই জ্বলছিল লাইট।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।