প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম (ভিজিট : ৮৬)

X
দুই অভিযুক্তকে গ্রেফতার র্যাবের
পিরোজপুর নেছারাবাদের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার (১৪ মার্চ) দুপুরে তাদেরকে বরিশাল নগরীর পৃথক জায়গা থেকে আটক করা হয়। রোববার (১৫ মার্চ) র্যাব-৮ এর সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার পাশ থেকে একটি মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়। ইটভাটার শ্রমিকরা ভাটার পাশে সন্ধ্যা নদীর তীরে গলাকাটা লাশটি দেখে নেছারাবাদ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব-৮ দ্রুত ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত লাশটি বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ গণপাড়া এলাকার পরিমল চন্দ্র দাসের ছেলে গোপাল চন্দ্র দাসের (৪২) বলে নিশ্চিত হয় র্যাব। র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন অজ্ঞাতনামা একটি মোটর সাইকেল যোগে তিন ব্যক্তির উক্ত ভাটায় প্রবেশ ও দুইজনকে বাহির হতে দেখা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মোটর সাইকেলে থাকা তিন ব্যক্তির মধ্যে একজন নিহত গোপাল চন্দ্র দাস এবং অন্য দুইজন বরিশাল নগরীর গণপাড়া এলাকার তরিকুল ইসলাম সরদার সম্রাট(৩৪) ও পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আবেদীন মাঝি (৪২) বলে জানা যায়।
র্যাব-৮ সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তরের সহায়তায় পুলিশের একটি আভিযানিক দল নিয়ে বরিশালের বিমানবন্দর থানাধীন ৩০নং ওয়ার্ডস্থ কাশিপুর চৌমাথা গণপাড়া এলাকায় শনিবার (১৪ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করে। সেখান থেকে হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ আমির হোসেনের ছেলে তরিকুল ইসলাম সরদার সম্রাটকে আটক করা হয়। পরে সন্ধ্যায় র্যাব-৮ এর একটি আভিযানিক দল বরিশাল কোতয়ালি থানাধীন ষ্টীমারঘাট এলাকা থেকে আরেক অভিযুক্ত আবেদীন মাঝি ওরফে রাজুকে আটক করে।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গোপাল চন্দ্রকে মোটরসাইকেলযোগে ইট ভাটায় নিয়ে হত্যার পর ধারালো ছুরি দিয়ে মাথা আলাদা করে নদীতে ফেলে দেয়। হত্যায় ব্যবহৃত হাতুরি ও মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুরের নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।