প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৩ পিএম (ভিজিট : ৬২)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে একই দিনে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। চুরির ঘটনায় ঘোড়াঘাট থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট গাইবান্ধা মোড়ের কুন্ডু মার্কেট থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মগলিশপুর গ্রামের সামিম ইসলামের ডিসকভার-১২৫ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়। একই দিনে বেলা ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে স্বাস্থ্য সহকারী আবু খায়ের মো. নাসিদ উদ্দিনের ডিসকভার-১০০ সিসি, দিনাজপুর হ-১৬-১০৩৬ মোটরসাইকেল চুরি হয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১১টায় ঘোড়াঘাট পৌরসভার মাছুয়া পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে চ্যানেল এস-এর ঘোড়াঘাট প্রতিনিধি সাংবাদিক আনভিল বাপ্পির এপাচি আরটিআর ১৫০ সিসি, লাল রঙের মোটরসাইকেল চুরি হয়।
ভুক্তভোগীরা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। সংঘবদ্ধ চোরচক্র বিশেষ করে ঈদের আগে ব্যস্ত এলাকায় ও সরকারি অফিসের সামনে পার্ক করা বাইকগুলোকে টার্গেট করছে। এমনকি দিনের আলোয় এবং বাসা বাড়ি থেকেও চুরির ঘটনা ঘটছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, "চোরের সিন্ডিকেটকে ধরার জন্য পুলিশ কাজ করছে। ঘটনার জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"