প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিট : ৯৪)

X
সংগৃহীত ছবি
রংপুরের গঙ্গাচড়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু আমেনা খাতুনকে মারধর করে শরীরের আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী হাফিজুল ও তার পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের পশ্চিম বিড়াবাড়ী এলাকার আকবর আলীর বাড়িতে। এ বিষয়ে দগ্ধ আমেনার চাচা আজম আলী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমেনা খাতুনের সাথে হাফিজুলের প্রায় ১ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে হাফিজুল তার পূর্বের স্ত্রী রেজোয়ানার সাথে সম্পর্ক গড়ে তোলে।
এ নিয়ে আমেনা প্রতিবাদ করলে তাদের সংসারে অশান্তি শুরু হয় এবং স্বামী ও তার পরিবারের লোকজন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারী সকালে স্বামী হাফিজুল ও তার পরিবারের লোকজন আমেনাকে একটি ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দেন। এতে আমিনা রাজি না হলে মারধর করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়।
আগুনে দগ্ধ আমেনাকে প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুফিয়া কালাম হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, ঘটনাটি তদন্তাধীন আছে । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।