প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:১৪ পিএম (ভিজিট : ২৬৬)

X
গোলাম রেজা সোলেইমানি
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেইমানিকে হত্যা করেছে।
ইসরাইলের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডকে ইরানের সামরিক ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা নিয়ন্ত্রণ কাঠামোর ওপর একটি বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। তেল আবিব জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বের সক্ষমতা ধ্বংস করতে তারা এই ধরনের শক্তিশালী অভিযান অব্যাহত রাখবে। এর আগে মার্কিন হামলায় ইরানের সামরিক প্রধান কাসেম সোলাইমানি নিহত হন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার সোলেইমানিকে লক্ষ্য করে চালানো এই হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এবং এর ফলে ইরানের রণকৌশলগত কার্যক্রমে বড় ধরনের বিপর্যয় ঘটবে। ইরান বিরোধী এই অভিযানে সফলতাকে তারা তাদের কৌশলগত বিজয় হিসেবে দেখছে এবং ভবিষ্যতে যেকোনো ইরানি কমান্ডার বা নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
চাঞ্চল্যকর এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি। তেহরান সাধারণত তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিহতের খবর যাচাই-বাছাই করার পর নিশ্চিত করে থাকে, তাই আন্তর্জাতিক মহল এখন ইরানের পরবর্তী বিবৃতির দিকে তাকিয়ে আছে।
যদি এ খবরের সত্যতা নিশ্চিত হয়, তবে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বহুগুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।