প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম আপডেট: ১৭.০৩.২০২৬ ৮:৩৬ পিএম (ভিজিট : ১৩১)

X
বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ি উপজেলায় যাত্রবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক সহ তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে ধনবাড়ি পৌরসভার নল্লা গ্রামীণ ব্যাংকের সাথে নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ধনবাড়ি উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সাথে নলহরা এলাকায় জামালপুর থেকে একটি যাত্রবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।
ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ির দিকে আসার সময় নলহরা গ্রামে সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। পরে আরো একজনের মৃত্যু হয়। নিহত দুজনই অটোরিকশার যাত্রী।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এতে তিনজনের পরিচয় সনাক্ত করা গেছে। মরদেহ তিনটি থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।