প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম আপডেট: ১৮.০৩.২০২৬ ৪:৪৯ পিএম (ভিজিট : ২১১)

X
টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাংবাদিকদের সম্মাননা ও শুভেচ্ছা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিন-এর উপজেলা প্রতিনিধি শওকত হোসেন (মুকুল), সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি এস এম বিপুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, সাধারণ সম্পাদক পাভেল সদ্দার, আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি সজল সরকার, বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবসহ টুঙ্গিপাড়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ইউএনও জহিরুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে আফজাল হোসেন তাঁকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের অক্লান্ত পরিশ্রমে এলাকার উন্নয়ন ও সমস্যাগুলো উঠে আসে। ঈদের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ ক্ষুদ্র উদ্যোগ।”
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকল সাংবাদিক ঈদ সামগ্রী গ্রহণ করেন।