প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৩১ পিএম (ভিজিট : ৫৯৪)

X
আঞ্চলিক মহাসড়কের বারকোনায় সড়ক অবরোধ
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকায় বাসচাপায় আব্দুল গনি সরকার টুরু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারকোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টুরু বারকোনা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, ফুলবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির কোচ তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বারকোনা মোড়ে সড়ক অবরোধ করেন। এতে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে শতাধিক যানবাহন আটকা পড়ে। তাঁদের অভিযোগ, একই স্থানে গত কয়েক বছরে অন্তত ১০ জন পথচারী প্রাণ হারিয়েছেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতির আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তিনি দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান। এ সময় পুলিশসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।