প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৪:১১ পিএম (ভিজিট : ২২১)

X
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ট্রেনে যাত্রা করে চট্টগ্রামে পৌঁছান
প্রধানমন্ত্রীর নির্দেশে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস (ট্রেন নং-৮১৪) ট্রেনটি আকস্মিকভাবে পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টায় তিনি একই ট্রেনে যাত্রা করে চট্টগ্রামে পৌঁছান।
এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল রেলসেবার সার্বিক মান, যাত্রীসেবা এবং চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা। পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. সুবক্তগীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ট্রেনের বিভিন্ন কোচ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি যাত্রীদের কাছ থেকে সেবার মান, সময়নিষ্ঠতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা সম্পর্কে মতামত ও পরামর্শ গ্রহণ করেন। যাত্রীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব দেন।
এ সময় প্রতিমন্ত্রী যাত্রীদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, সরকার জনগণের ভ্রমণসেবা আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, রেলসেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীসুবিধা বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। সেবার মান উন্নত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের ফলে রেলসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেক যাত্রীও সরকারের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবার প্রত্যাশা ব্যক্ত করেন।