প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:১৯ পিএম (ভিজিট : ৬০)

X
ঈদে দর্শনার্থী ভিড়ে মুখর পাহাড়পুর বৌদ্ধবিহার
ঈদের ছুটিতে দেশের উত্তরের নওগাঁ জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় এবার আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকার কারণে জেলায় অবস্থিত অন্যান্য পর্যটনকেন্দ্রের মতো এই বিহারেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ঈদের চতুর্থ দিনেও এখানে হাজার হাজার মানুষ মিলিত হয়েছেন, সরকারি ছুটি শেষ হওয়ার পরও দর্শনার্থীদের ভিড় অব্যাহত রয়েছে। ঘরে ফেরার পর কর্মস্থলে ফিরতে শুরু করলেও পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর এখনও পর্যটক ও দর্শনার্থীদের সমাগমে সজীব রয়েছে।
পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন অর্থাৎ শনিবার (২১ মার্চ) বিকেলে মেঘলা আকাশ ও রিমঝিম বৃষ্টির কারণে দর্শনার্থীরা কিছুটা বিড়ম্বনার শিকার হয়। আশ্রয় নেওয়ার মতো হাজার হাজার দর্শনার্থীর কোনো ছাউনি নেই। ফলে অনেক দর্শনার্থীকে বৃষ্টিতে ভিজতে হয়েছে।
সরেজমিন ঈদের দ্বিতীয় দিন রবিবার বৌদ্ধ বিহারে গিয়ে দেখা যায় সেখানে মানুষের ঢল। আতোয়ার রহমান নামের এক দর্শনার্থী বলেন, এখানকার পরিবেশ খুবই ভালো। খুব ভালো লাগছে ঘুরতে এসে। দূরদূরান্ত থেকে এত মানুষ এখানে ঘুরতে আসে, আমি না এলে বুঝতেই পারতাম না।
দর্শনার্থী মিষ্টি ও মিম বলেন, আমাদের বাসা এই উপজেলায়, তবু এখানে বারবার ছুটে আসি। এটা আমাদের ইতিহাস ঐতিহ্য, যা আমাদের এলাকার নাম-পরিচয় তুলে ধরে বিশ্ব দরবারে। তারা বলেন, ঈদ উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থী নারী-পুরুষ, কন্টেন্ট ক্রিয়েটর ছবি তোলা, সেলফি, ভিডিও করতে সবাই ব্যস্ত হয়ে পড়ে।
পাহাড়পুর বৌদ্ধ বিহার কাস্টোডিয়ান ফজলুল করিম বলেন, রমজানের ঈদে ছিল দর্শনার্থীর উপচে পড়া ভিড়। এবার দর্শনার্থীরা খুব আনন্দ করেছে। আবহাওয়াটা ভালো ছিল। শীতও নেই, আবার গরম নয়।