প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম (ভিজিট : ২৫১)

X
ওসিকে ‘শোকজ নোটিশ’
মগবাজারে আলোচিত ‘নবীন ফ্যাশন’ জোর করে বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খোলার নির্দেশ দিয়েছেন বিচারক।
আজ বুধবার (২৫ মার্চ) বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দেন। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, বুধবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মগবাজার এলাকার বিশাল সেন্টার নামক মার্কেটে ‘নবীন’ ব্রান্ড নামের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ হাজির হয়ে ওই পাঞ্জাবির দোকান বন্ধ করে দেয়ার হুকুম দিচ্ছে। ঘটনার সময় কিছু লোককে খুব উদ্ভূত আচরণ করতে দেখা যায়।
এতে আরও বলা হয়, ওই সময় পাশে দাঁড়ানো পুলিশ সদস্যদের নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশের এমন নির্লিপ্ততা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করবে বলে মনে করেন আদালত। পুলিশের এ ধরনের নির্লিপ্ততাকে কেন আইন বহির্ভূত এবং পেশাদারিত্ব আরচণবিরোধী হিসেবে ঘোষণা করা হবে না এ মর্মে আগামী ৩ দিনের মধ্যে অত্র কোর্টে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য ডিএমপির হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেয়া হলো।
এছাড়াও উল্লেখিত ‘নবীন’ ব্রান্ডের পাঞ্জাবির দোকান আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেয়ার জন্য হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেয়া হলো।