প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ১৪৫)

X
নিহত ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপ গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুকে চাপা দিলে ঘটনাস্থলেই জুম্মন (২২) নামে একজনের মৃত্যু হয়। এসময় আরমান (২১) নামে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে ফতুল্লার বক্তাবলী চর প্রসন্ননগর গুচ্ছ গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জুম্মন বক্তাবলীর চরপ্রসন্ন নগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। আহত আরমান একই এলাকার আবুল কাশেম বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আখিল উদ্দিন নামে এক চালকের কাছ থেকে ইজিবাইক চালক জয়নাল আবেদীন পিকআপ চেয়ে নিয়ে চর প্রসন্ননগর ব্রীজ রোড দিয়ে চালাচ্ছিলেন। এসময় ব্রীজ পাড় হয়ে গুচ্ছ গ্রামের বাজারে এসে মোটরসাইকেলে বসে থাকা দুই বন্ধুর উপর পিকআপ উঠিয়ে দেয়। এসময় মোটরসাইকেল চালক আরমান ও তার বন্ধু জুম্মনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জুম্মনকে মৃত ঘোষনা করেন এবং আরমানকে ঢাকা মেডিকেলে প্রেরন করেন চিকিৎসক।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় চালকের একজন সহযোগীসহ পিকআপ গাড়ি আটক করা হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।