গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া বলেছেন, আমার কিছু না আছে। তার মধ্যে স্কুল, কলেজ বা কোন প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করাবেন না, ফুলেল শুভেচ্ছা জানাবেন না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ থাকবে যে চেয়ারটি প্রতিষ্ঠান প্রধানের, সেটি যেন তার জন্য বরাদ্ধ থাকে। আমাকে সম্মান দেখাতে চাইলে পাশে একটি চেয়ারে বসানো ব্যবস্থা করলেই হবে।
বুধবার বিকেলে তিনি জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিলে যাব, তবে আমার জন্য বিশেষ কোন চেয়ারের ব্যবস্থা করবেন না। চেয়ারে তোয়ালে বা বিশেষ কাপড় দিয়ে আমাকে বসাবেন না। মসজিদ, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ কোন স্থান বরাদ্ধ রাখবেন না। সামাজিক, সাংস্কৃতি বা প্রাতিষ্ঠানিক কোন অনুষ্ঠানে যোগদান করলেও তিনি ব্যক্তিগত বা পারিবারিক কোন অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
তিনি বলেন, বালি, মাটি, গাছ এসব বিষয়ে কোন তদবির করবে না। বিশেষ করে বন, মাটি কেটে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করা। অযাচিতভাবে বালি ফেলে পরিবেশ-প্রতিবেশের ক্ষতি করা। আপনারা গাজীপুর বাসিকে জানিয়ে দিতে পারেন, বালি, মাটি, গাছ এই তিনটি বিষয়ে জেলা প্রসাশকের না আছে।
তিনি বলেন, আমি তদবির করে এখানে (গাজীপুরে) আসি নাই, আমি কোন অযাচিত তদবির শুনব না। সুতরাং অযাচিত তদবির আমি গাজীপুর বাসীর নিকট থেকে প্রত্যাশা করি না।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের তত্ববধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য মো. দেলেয়ার হোসেন, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, নাসির আহমেদ, মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল বারী বাবুল, আজিজুর রহমান আজিজ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।