প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম (ভিজিট : ৪৫)

X
পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা
বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৫ মার্চ) মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী গৃহবধূ বনানী শিকদারের (৩৫) সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী মন্টু শিকদার (৬০) উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা বনানীকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তোলক শিকদার, মনির শিকদার ও রবি শিকদার নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।