প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ৮০)

X
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বক্তব্য রাখছেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন আয়োজিত কনসার্টে ‘হ্যালো মিনিস্টার’ পর্বে অংশ নিয়ে জনতার উদ্দেশে নিজেকে ‘স্যার’ না বলে ‘চাচা, মামা, ভাই, কাকা, দাদা’ সম্বোধন করতে অনুরোধ জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কনসার্টে এক দর্শক তাকে ‘স্যার’ সম্বোধন করে প্রশ্ন করতে এগিয়ে এলে প্রতিমন্ত্রী বলেন, “আমাকে স্যার বলা যাবে না। আমি স্যার হওয়ার জন্য এখানে আসি নাই। আমি কারো চাচা, কারো মামা, কারো ভাই, কারো কাকা, কারো দাদা। আমাকে এই নামে সম্বোধন করলে খুশি হবো। কারণ দিনশেষে আমি বোদা উপজেলার সন্তান।” প্রতিমন্ত্রী আরও বলেন, “বোদা উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছি আমার জন্মস্থান পাঁচপীর ইউনিয়নে।”
পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, “পহেলা বৈশাখ বাংলার ঐতিহ্য। অনেকেই আমরা ভুলে গেছি। আগামী ১লা বৈশাখে কয়েক হাজার মানুষকে নিয়ে পান্তা-ইলিশসহ দেশীয় সংগীতের আয়োজন করব পাঁচপীর ইউনিয়নে। এরপর সেখানে কৃষক কার্ড বিতরণ করব।” অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে তিনি জীবনানন্দ দাশের একটি কবিতা আবৃত্তি করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।