প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম (ভিজিট : ১৫৫)

X
সংগৃহীত ছবি
লাকসামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মান্নান (৬৫) নামের এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি উত্তর পাড়ায়। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত. ছফর আলীর ছেলে।
লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার (২৮ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল মান্নানকে তারই বড় ভাই সাছুল হক শামু মিয়া, ভাতিজি বকুল বেগম ও বকুলের স্বামী পৌরসভা তাঁতীদলের সভাপতি শোকর আলী রাতে বাড়ি ফেরার পথে তাদের ঘরে ডেকে নেয়। ঘরে নিয়ে তিনজন মিলে মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ নিহত মান্নানের মরদেহ শুক্রবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে প্রেরণ করেছেন।
নিহত আবদুল মান্নানের ছেলে বিল্লাল হোসেন বলেন, আমার বাবাকে জায়গা দখলের মিথ্যা অভিযোগ দিয়ে আমার জেঠা শামছুল হক, তার মেয়ে বকুল এবং মেয়ের জামাই শোকর আলী মিলে ঘরে ডেকে নিয়ে হত্যা করেছে। পাশের ঘরের লোকজন আমাদেরকে রাতে খবর দিলে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। সেখানে নেয়ার আগেই বাবা মৃত্যুবরণ করেন। লাকসাম থানা পুলিশ বলেছে, ময়না তদন্তের পর মামলার বিষয়ে দেখা যাবে। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্ত ভাতিজি জামাই শোকর আলী বলেন, আমাদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য একটা মিথ্যে কাহিনী সাজাচ্ছে। এখানে বহু মানুষ ছিলো, তাকে কোন প্রকার মারধর করা হয়নি। শুধু ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার বড় ছেলে জসিম উপস্থিত থেকে বিষয়টি সমাধান করেছেন। আমার বিরুদ্ধে এ অভিযোগ বানোয়াট।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহমেদ বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।