প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১২ পিএম (ভিজিট : ১১৬)

X
রাঙ্গামাটির নানিয়ারচরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ) উপজেলার বুড়িঘাটের বগাছড়ি তিন রাস্তার মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে মেসার্স সজিব অ্যান্ড সৌরভী এন্টারপ্রাইজ নামে একটি তেলের দোকানকে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত লাভের চেষ্টা করা হচ্ছিল, যা সাধারণ ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, জ্বালানি তেলের বাজারে অনিয়ম রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাবে দেশে জ্বালানি তেলের বাজারেও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।