প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ৫৬)

X
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন একটি দোকানে অবৈধভাবে ২হাজার ৮শ' লিটারের উপর ডিজেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতের প্রথম প্রহরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকার মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ে রাতেই সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার আটশত লিটারের উপর (১৪ ড্রাম) ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের মিডিয়া সেল জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয় প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত গাজীপুরে ৭টি অভিযানে ৪টি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ওই কর্মকর্তা।