ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় সুবল দাস (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত সুবল দাস পৌর শহরের দুর্গাপুর এলাকার মৃত হীরালাল চন্দ্র দাসের ছেলে। তিনি সড়ক বাজারের একজন লন্ড্রী ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের খড়মপুর বাইপাস চার রাস্তার মোড়ে একটি অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন অটোচালক দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলাম, যাত্রী সিয়াম খান খাদেম, সৌরভ খান খাদেম ও রবিন খান। আহতদের মধ্যে সিয়াম ও রফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আহত সৌরভ খান খাদেম জানান, তারা তিনজন ঢাকা থেকে তূর্ণা নিশীথা ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশনে নেমে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রেলওয়ে স্কুল অতিক্রম করে বাইপাস সড়কের চার রাস্তার মোড়ে পৌঁছালে পশ্চিম দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সামনের যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন এবং তারা ছিটকে পড়ে আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং স্বজনদের অবহিত করেন। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে খড়মপুর মাজার কমিটির সাবেক সদস্য কাইয়ুম খান খাদেম বলেন, চার রাস্তার মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান তিনি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।