দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি এখন অনিবার্য বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও নদীভাঙনের মতো দুর্যোগ ইতোমধ্যেই মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মেট ক্লাব: দ্য নেক্সট ওয়েভ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। তারা আমাদের ভবিষ্যৎ হলেও দুর্যোগের সময় তারাই সবচেয়ে অসহায় হয়ে পড়ে। তাই শিশুদের শুধু সুরক্ষা দেওয়া নয়, বরং তাদের সচেতন, দক্ষ ও প্রস্তুত করে তোলা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘মেট ক্লাব’ (মেটিওরোলজিক্যাল ক্লাব) একটি স্কুলভিত্তিক শিশু-কিশোর নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য শিশুদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং পূর্বপ্রস্তুতি বিষয়ে সচেতন ও সক্ষম করে তোলা।
এই উদ্যোগের মাধ্যমে শিশুদের আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকি চিহ্নিতকরণ, আগাম সতর্কতা বোঝা এবং দুর্যোগকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন করা হবে। গেমিফাইড লার্নিং পদ্ধতিভিত্তিক একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম শিশুদের জন্য সহজ, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে, যা তাদের বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে তারা নিজের পাশাপাশি পরিবার ও কমিউনিটির সুরক্ষায়ও ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘মেট ক্লাব’-এর ই-লার্নিং পোর্টালের উদ্বোধন করেন এবং একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।