প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৪৮ এএম (ভিজিট : ৪৯)

X
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হার্ট ফেইলিওর ডিভিশন এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে হার্ট ফেইলিওর বা হৃদযন্ত্রের অকার্যকারিতা বিষয়ে উন্নত চিকিৎসা ও বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কনভেনার প্রফেসর ডা. মো. শফিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসকরা।
মন্ত্রী তার বক্তব্যে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত ইমেজিংয়ের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন স্বল্প খরচে উন্নত হৃদরোগ চিকিৎসা পায়, সে লক্ষ্যে দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরি করতে হবে। সরকার এ জন্য বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত সম্মানজনক এবং দেশের স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে দরিদ্র মানুষও কম খরচে উন্নত চিকিৎসা পাবে।
দিনব্যাপী এ সম্মেলনে বৈজ্ঞানিক সেশন, প্যানেল আলোচনা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্যে দেশের হৃদরোগ চিকিৎসায় আধুনিকায়ন ও সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।