শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে তালাবদ্ধ ট্রাংকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে ট্রাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ ট্রাংকের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকে ভরে এখানে ফেলে রাখা হয়েছে।
স্থানীয়দের একজন জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি নামিয়ে রেখে যায় এবং পরে এসে নিয়ে যাবে বলে জানায়।
এ বিষয়ে মোহাম্মদ নুরুল আলম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।