
বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রামের দক্ষিণ পাশে লোহাগাড়া নদীর তীরে স্থানীয়রা পানিতে ভাসমান একটি কঙ্কাল দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দবির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল জলিলের ধানী জমির পূর্ব পাশে নদীতে কঙ্কালটি প্রথম নজরে আসে। পরে এলাকাবাসী নিশ্চিত হয়ে প্রশাসনকে অবহিত করে।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় নদী থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ওসি কবির হোসেন জানান, এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি প্রায় এক থেকে দেড় মাস আগের হতে পারে।
মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য কঙ্কালটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।