প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম (ভিজিট : ২৮৮)

X
ঝাড়ু মিছিল
বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য ও স্বাধীনতা দিবসে জামায়াত ইসলামির অনুষ্ঠানে নিজেকে স্বাধীনতা ঘোষণার মূলব্যক্তি দাবী করে ইতিহাস বিকৃত করার প্রতিবাদে এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল এবং কুশপুত্তলিকা দাহ করেছেন চন্দনাইশ বিএনপি ও অঙ্গসংগঠন।
শনিবার (৪ এপ্রিল) বিকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গাছবাড়িয়া কলেজ গেইট থেকে খাঁনহাট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কর্ণেল অলি বিভিন্ন সময় বিএনপি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে ইন্টার পাশ দপ্তরি এবং নিজের ছেলেকে অধিক শিক্ষিত ও অধ্যাপক দাবি করেন, জামায়াত আমিরের সাথে মিলে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে দেশ ও দেশের মানুষের সাথে বেঈমানী করেছেন।
বক্তারা বলেন, এদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার অনুগ্রহে ক্যাপ্টেন থেকে কর্ণেল অলি ও রাজনীতিতে স্থান দিয়ে মন্ত্রী বানিয়েছেন, বিএনপির সাথে বেঈমানী করার পর থেকে অলির পতন শুরু হয়েছে। অলি আহমদকে অতিসত্বর ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানান অন্যথায় চন্দনাইশে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।
এ সময় বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এম এ হাশেম রাজু, সাবেক সহ সভাপতি যথাক্রমে সিরাজুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, আরিফুল ইসলাম মারুফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা মোর্শেদুল আলম, জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ সেলিমউদ্দিন, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মোঃ মাহফুজ প্রমুখ।