
X
বাংলাদেশ ২০২৬-এর টিকাদান কর্মসূচি
দেশজুড়ে ছোঁয়াচে রোগ হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় একযোগে এই কার্যক্রম চালু হয়েছে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে টিকাদান জোরদার করা হচ্ছে।
মন্ত্রী জানান, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ তুলনামূলক বেশি দেখা গেছে, সেসব স্থানেই অগ্রাধিকার দিয়ে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
টিকা নেওয়া নিয়ে অভিভাবকদের মধ্যে কোনো দ্বিধা না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব শিশু পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা পেয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও এতে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলেও তিনি নিশ্চিত করেন।
●যেসব এলাকায় টিকাদান কার্যক্রম চলছে
এই বিশেষ কর্মসূচির আওতায় যেসব জেলায় টিকা দেওয়া হচ্ছে সেগুলো হলো—
বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর।
এসব জেলার নির্দিষ্ট ৩০টি উপজেলা ও পৌরসভা এলাকায় টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হামের মতো সংক্রামক রোগ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।